ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগ্রামী ঢাকা মেইল ট্রেন লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রুটে ট্রেন চালাচল স্বাভাবিক হয়েছে।লাইনের ব্যাঘাতের কারণে রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়ে।
খবর পেয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৭টায় আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় বগিটি সরিয়ে আনার পর দুপুর সোয়া ১২টায় সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ বলেন, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) আসার পর বগি লাইন থেকে উদ্ধার করা হয়।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্টগ্রামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

