কিশোরগঞ্জের ভৈরব এলাকায় ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে গরমিল পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে ভৈরব বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হক। এ সময় ভৈরব শহর ফাঁড়ির এসআই বায়েজিদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোজ্য তেল মজুত থাকার গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভোজ্য তেল সংরক্ষণকারী ডিলারদের গুদামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়ক দখল করে ভোজ্য তেল বিক্রি, এক মাসের ক্রয়-বিক্রয়ের রেজিস্টারে গড়মিল এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো, মেসার্স হাজী হিরা মিয়া স্টোরের মালিক শাহনুর হোসেনকে ১০ হাজার টাকা এবং মেসার্স সুলতান স্টোরের মালিক সুলতান মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন