কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২ নম্বর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে শোকে কাতর হয়ে মারা গেছেন তার মা মোছা. জুবাইদা মনি (৮০)।
পরিবার সূত্রে জানানো হয়েছে, রোববার (২৫ এপ্রিল) রাত ১টার দিকে গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন আলতাফ উদ্দিন শাহীন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৪ সালে স্বর্ণপদকে ভূষিত হন।
তার পিতা হাজী মো. মনির উদ্দিন। কটিয়াদীর রায়খলা গ্রামে তার পৈতৃক বাড়ি হলেও তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করছিলেন।
ছেলের মৃত্যুর খবর ভোরে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পরিবারজুড়ে। এ ঘটনা সইতে না পেরে রোববার ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তার মা মোছা. জুবাইদা মনি।
পরিবারের সদস্যদের ধারণা, প্রিয় সন্তানের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।
মৃত শাহীনের ভাই শাহ আলমের ভাষ্য, শাহীনের মা জুবাইদা মনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শাহীনকে খুব ভালোবাসতেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি গাজীপুরে থাকলেও মাকে দেখতে প্রায়ই বাড়িতে আসতেন। ছেলের প্রতি তার গভীর টান ছিল। হয়তো সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।
২ নম্বর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। এমন ঘটনা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক। একই পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


