কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্তৃপক্ষ।
প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হওয়ায় রোববার (৪ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের কারণে যাচাই-বাছাই চলাকালে তার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে রোববার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন বাতিল সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি বলে জানায় নির্বাচন কার্যালয়।
মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের পর জেলা প্রশাসকের হলরুমে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় দুই থেকে আড়াই শ জামায়াত নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভে অংশ নেন।
এ বিষয়ে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, রোববার দুপুরের দিকে জেলা প্রশাসক তাকে কাগজপত্র নিয়ে ডেকেছিলেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের যথাযথ সুযোগ না দিয়েই মনগড়াভাবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি দাবি করেন, এটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত।
জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘দাখিল করা মনোনয়নপত্রে অসংগতি থাকায় বিধি অনুযায়ী সেটি বাতিল করা হয়েছে। তবে প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।’
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের বক্তব্য জানতে তার সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
-20260104171923.webp)


