ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভুট্টা খেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভুট্টা খেত থেকে বিলুপ্তপ্রায় একটি ভারতীয় ময়ূর উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকায়।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে ময়ূরটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার একটি ভুট্টা খেতে বিলুপ্তপ্রায় পাঁচটি ময়ূর উড়ে এসে বসে। পরে লোকজন ময়ূরগুলো ধরতে তাড়া দিলে ময়ূরগুলো উড়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি ময়ূর ভুট্টা খেতের জালে আটকে যায়। পরে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি ময়ূরটিকে ধরে এনে একজনের বাড়িতে রাখেন।

বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতের হিমালয় অঞ্চল থেকে উলিপুরের দেলদারগঞ্জ এলাকায় পাঁচটি ময়ূর উড়ে আসে। এর মধ্যে একটি ময়ূর অসুস্থ অবস্থায় এলাকায় সাদ্দাম হোসেনের বাড়িতে ধরে রাখা হয়েছে, এমন খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা সেখানে যান। তবে ওই সময় সাদ্দাম হোসেনের বাড়ির লোকজন ময়ূরটি দিতে অস্বীকৃতি জানান।

পরে বনবিভাগের কর্মকর্তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে অবহিত করেন। এরপর থানা-পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান ও উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়ূরটিকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত ময়ূরটিকে প্রাথমিক চিকিৎসার জন্য রংপুর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, একটি বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী যেন কেউ আটক না করে বা ক্ষতি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।