কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের মূল্য ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানিয়েছে, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বে সীমান্ত দিয়ে পাচার হওয়া মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ আটক করা সম্ভব হয়েছে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। বিজিবি সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


