ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকায় শোক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি- সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান ওই এলাকার মোস্তফা ফিজার রহমানের একমাত্র ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাশের বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় মেইন সুইচ বন্ধ না করেই একটি বাল্বের হোল্ডারে সংযোগ দিতে যান নাজমুল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় নাজমুলের মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে উলিপুর থানার ওসি মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।