কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুপারের নাম সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসা সুপার।
জানা গেছে, সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেন। এ ঘটনা রফিকুল ইসলাম নামের একব্যক্তি বাদি হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষ প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। সাইদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করে আদালত।
ওয়ারেন্টের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করে। সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সাইদুর রহমান তার অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে একটি পত্রিকার সাংবাদিক দাবি করতেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

