ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সাতক্ষীরা তিন রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা শহরের তিনটি নামি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফ্রিজে নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ, ডায়ালাইসিসের কেমিক্যালকে ‘কেওড়াজল’ হিসেবে খাবারে ব্যবহার এবং মিষ্টিতে তেলাপোকা পাওয়ার মতো গুরুতর অভিযোগে এই জরিমানা করা হয়।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকারের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।

​সাতক্ষীরার সবথেকে জনপ্রিয় পানসী রেস্তোরাঁ (পলাশপোল) : ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখা, বাবুর্চিদের মাথায় হেডনেট ব্যবহার না করা এবং বাসি খাবার বিক্রির উদ্দেশে সংরক্ষণ করার দায়ে এই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

​হোটেল রাজ (মুনজিতপুর) : নোংরা ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণ, উন্মুক্ত অবস্থায় খাবার রাখা, দই-ফিরনিতে উৎপাদন লেবেল না থাকা এবং মিষ্টিতে তেলাপোকা পাওয়ার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

​সোনারগাঁও রেস্তোরাঁ (লাবনী মোড়) : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ কেওড়াজল (যা মূলত কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত কেমিক্যাল) খাবারে মেশানো, ঝুল পরিষ্কার না রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মেহেদী হাসান তানভীর বলেন, খাবারে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার ও চরম অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস টিম, জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল সার্বিক সহায়তা করেন।