সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃতভাবে উল্লেখ করার প্রতিবাদে ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন একদল নারী।
রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বটতৈল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চৌড়হাস বিমান চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, ‘একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না।’ এর আগে কোকোকে নিয়ে মুফতি আমির হামজার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা উঠেছিল।
শনিবার (১৭ জানুয়ারি) মুফতি আমির হামজা তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে এই বক্তব্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটি আমার ভুল ছিল। এ কারণে আগেই আমি ক্ষমা প্রার্থনা করেছি। ওই সময়ই পরের দিন আমি এটিকে সংশোধন করেছি। ভুল স্বীকার করা মানেই লজ্জা নয়। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। কোকোকে নিয়ে আমার বক্তব্যের জন্য আমি পুনরায় দুঃখ প্রকাশ করছি।’
অন্যদিকে, এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ছাড়া শহরের থানা মোড়ে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

-20260118171259.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন