বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে মানহানির অভিযোগে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।
রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া আদালতে মামলার আবেদন করেন তিনি।
মামলার এজাহারে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস নিয়ে তিনি বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
বাদী অভিযোগে উল্লেখ করেন, গত ১৬ জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও দেখতে পান।
এজাহারে আরও বলা হয়, আসামির এসব বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করেছে। অভিযোগ অনুযায়ী, দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় এসব অপরাধ শাস্তিযোগ্য। আবেদনে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়েছে।
মামলার বিষয়ে বাদী সোলায়মান চৌধুরী শিহাব বলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা মামলা নয়। একজন মরহুম ব্যক্তি ও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। সামাজিক শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং আদেশের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
অন্যদিকে এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী আবু বকর জানান, এখন পর্যন্ত তারা আদালতের কোনো নোটিশ পাননি। নোটিশ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন। ওই পোস্টে তিনি নিজের মৃত্যুর জন্য প্রস্তুত থাকার কথা উল্লেখ করে তার অবর্তমানে তিন কন্যাসন্তানের খোঁজখবর রাখার অনুরোধ জানান এবং কুষ্টিয়ায় ‘ইনসাফ কায়েমের লড়াই’ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন