ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:২২ পিএম
কুষ্টিয়া জেলা কারাগার। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কারাগারে এ ঘটনা ঘটে। 

বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। 

জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।