কুষ্টিয়ার কুমারখালীতে ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ করে পালিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণের বিকট শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে বিকট শব্দ শোনা যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। বিস্ফোরণের শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আনসার কমান্ডার রফিকুল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দ হয়। ঘটনাস্থলে গিয়ে দেখি, কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। আমরা তৎপর থাকায় দুর্বৃত্তরা পালিয়ে যায়, কাউকে দেখতে পারিনি।
তবে শব্দটি ককটেলের ছিল কি না বা অন্য কিছু, তা আমরা বুঝতে পারিনি। বিষয়টি প্রশাসনের অন্য কর্মকর্তাকে জানালে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন