কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে খোকসা উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাইবা একই এলাকার ফারুকের মেয়ে। এ ঘটনায় এখনো নদীতে নিখোঁজ রয়েছে সুরাইয়া (৮) নামে আরেক শিশু।
এর আগে শনিবার খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসলে নামে। পরে সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় তারা স্রোতের কবলে পড়ে তলিয়ে যায়।
এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া নিখোঁজ হয়।
রোববার (৮ মার্চ) তাইবার মরদেহ উদ্ধার করা হলেও এখনো সুরাইয়া নিখোঁজ রয়েছে।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা অভিযান চালাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন