কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি জামাল উদ্দিনের গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ওসির পিকআপের সামনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টা ৮ মিনিটে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের এমপি আফজাল হোসেনের চাচাতো ভাই আনোয়ার ও অন্য চাচাতো ভাই শিপলের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এমপি বিষয়টি পুলিশকে জানালে, বৃহস্পতিবার রাতের দিকে ওসি জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এলংগীপাড়া এলাকায় যান।
ওসি জামাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছালে উভয়পক্ষের লোকজন পুলিশের গাড়ির দিকে রেললাইনের পাথর এলোপাতাড়ি নিক্ষেপ করতে থাকেন। এতে গাড়ির সামনের অংশ ভেঙে যায়। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।’
মামলার নথিতে উল্লেখ রয়েছে, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।


