কুষ্টিয়ার দৌলতপুরে গোয়ালঘরে কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কৃষকের গবাদিপশু, বসতঘর, ঘরে থাকা ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় দুই কৃষক অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ফিলিপনগর কাচারিপাড়ার কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়াল ও বসতঘরে। এতে ৫টি গরু, ৪টি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে ভষ্মিভূত হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুই কৃষকের বাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক অগ্নিদগ্ধ হন। গবাদিপশু রক্ষা করতে গিয়ে তারা অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি সবকিছু প্রায় পুড়ে গেছে। কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন