কুষ্টিয়ার খোকসায় কবরস্থান উন্নয়ন ও নিচু জায়গা ভরাটের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া বড়ইচারা কবরস্থানে মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন খোকসা থানার ওসি মোশাররফ হোসেন।
জানা গেছে, কবরস্থানটি দীর্ঘদিন ধরে উভয় গ্রামের মানুষ ব্যবহার করে আসছে। তবে সম্প্রতি কবরস্থান উন্নয়ন ও নিচু জায়গা ভরাটের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সকালে এক পক্ষ কাজ করতে গেলে বাধা দেয় অন্যপক্ষ। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এ সময় বড়ইচারা গ্রামে লাঠিসোঁটা, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসে। পরে উভয় গ্রামের লোকজন জড়ো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।
খোকসা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, কবরস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন