ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১১:১০ এএম
বাউল শিল্পী শফি মণ্ডল। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে দরবারে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ এবং কথিত ‘পীর’ আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীরকে হত্যার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে দেশের জনপ্রিয় বাউল সংগীতশিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে।

শফি মণ্ডলের বাড়ি দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায়। তবে তার মূল বাড়ি নিহত শামীমের বাড়ি তথা ফিলিপনগর এলাকায়। তিনি বেশ কয়েক বছর আগে উপজেলার হোসেনাবাদ এলাকায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সেখানে হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।

শফি মণ্ডল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফোনে তিনি বলেন, গত এক মাস ধরে তিনি গ্রামের বাড়িতে নেই। বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন না।

এ বিষয়ে তার মেয়ে লিনা মণ্ডল জানান, তার বাবা একজন সাধক শিল্পী হিসেবে সংগীতের প্রয়োজনে বিভিন্ন দরবারে যাতায়াত করেন। ফিলিপনগরের একটি দরবারে যাওয়ার সময় ধারণ করা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি পক্ষ বিভ্রান্তি তৈরি করছে। তিনি দাবি করেন, তার বাবা লালন দর্শনের অনুসারী এবং আন্তর্জাতিক পর্যায়ে লালন সাঁইজির বাণী প্রচার করে আসছেন। মব তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এসব ভিডিও ছড়ানো হচ্ছে বলে দাবি তার।