ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাশেদ আলী (৩৫) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং রবিউল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রাত সাড়ে ১২টার দিকে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং বড় ভাই জহিরুল ইসলামের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ছোট ভাই রাশেদ আলী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, রাত দেড়টার দিকে রাশেদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ ছাড়াও তার শরীরে ধারালো অস্ত্রের ১২ থেকে ১৩টি আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মো. জামাল উদ্দিন।

তিনি বলেন, ভাইদের মধ্যে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে।