ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি নেতার ঘরে তালা মেরে আগুন, প্রাণ গেল কন্যার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১০:৫৮ এএম
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাড়িতে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে এক কন্যাশিশু নিহত হয়েছে। আহত হয়েছে নারী-শিশুসহ ছয়জন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরীর টিনশেট বসতঘরের দুই দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরের ভেতরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।

আগুনে বেলাল চৌধুরীর আট বছর বয়সী কন্যা আয়েশা আক্তার সানজু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় তার আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বীথি (১৪) গুরুতর দগ্ধ হয়। এ ছাড়া বেলাল চৌধুরী নিজেও আহত হন। নিহত আয়েশা আক্তার সানজু ফাইভ স্টার স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বেলাল চৌধুরীর মা হাজেরা বেগম বলেন, রাতে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর জানালা দিয়ে আগুন দেখতে পাই। দ্রুত বাইরে এসে দেখি, ঘরের দুই দরজাই তালাবদ্ধ। পরে দরজা ভেঙে বেলাল চৌধুরী নিজে বেরিয়ে আসে। এ সময় তার স্ত্রী নাজমা বেগম চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে ঘরের এক কক্ষে থাকা তিন নাতনির মধ্যে ছোট সানজুকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

বেলালের ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার বলেন, আগুনের খবর পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং দগ্ধ সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বীথিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় এক শিশুর মরদেহ এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, ভবানীগঞ্জের বিএনপি নেতা বেলালের বাড়িতে নারকীয় ও পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।