ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পারিবারিক বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা, আটক ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

নিহত তোফায়েল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে নিহত তোফায়েলের সঙ্গে তার ভাই তাহের, তাজল ও নজিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা চালানো হয়। পরে তাকে আবারও সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মধ্যে ৩ জনকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’

নিহতের পরিবার এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।