ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৮:১২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের মো. নাবিল হোসেন (২২), মো. নয়ন হোসেন (২০), রিমন হোসেন (২০), মো. শাকিব হোসেন (২০), জিদান (১৫) এবং চরপাতা ইউনিয়নের মো. রাকিব (২০)।

পুলিশ জানায়, ‘রাতে উপজেলার চরমোহনা ইউপির বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কের সলিংয়ের মাথা নামক স্থানে সড়কের ওপর একদল ডাকাত সিএনজিযোগে এসে একটি অটোরিকশা থামায়। পরে দেশীয় অস্ত্র দেখিয়ে মো. মমিনের কাছ থেকে তার মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়।’

ঘটনাস্থলে টহল পুলিশ পৌঁছালে ভুক্তভোগী মো. মমিন ডাকাতির বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ ডাকাতদের ধাওয়া করে তাদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছোরা, তালা ভাঙার হাতুড়ি, হ্যান্ড কাটার এবং ডাকাতি করা মালামাল উদ্ধার করা হয়।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া দিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মমিন মিয়া বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।