লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার চরলরেন্স মধ্যবাজারের ‘শিরোনাম ফ্যাশন’ নামের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বুধবার (১১ মার্চ) রাতে চুরির ঘটনা ঘটে। পরদিন দোকানের মালিক শাহীন ইকবাল বাদী হয়ে কমলনগর থানায় লিখিত অভিযোগ করেন।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) কামাল শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রকৃত চোর শনাক্তে বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন ইকবাল ও তার ফুফাতো ভাই মহিন উদ্দিন প্রায় ছয় বছর আগে দোকানটি চালু করেন। ঘটনার দিন রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকানে এসে তালা ভাঙা দেখতে পান।
দোকানের ক্যাশবাক্সে থাকা ৩ লাখ ৬৫ হাজার টাকা এবং প্রায় ২১ লাখ ৯২ হাজার টাকার কাপড়চোপড় চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২০০টি শাড়ি, ১৭০টি লুঙ্গি ও ১ হাজার ৫০০টি থ্রি-পিস। এর মধ্যে শাড়ির মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, লুঙ্গির মূল্য প্রায় ১ লাখ ২ হাজার টাকা এবং থ্রি-পিসের মূল্য প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা।
দোকানের অংশীদার মহিন উদ্দিন বলেন, আমরা ছয় বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। ঈদকে সামনে রেখে দোকানে বিপুল পরিমাণ পণ্য তুলেছিলাম। কয়েক দিনের বিক্রির টাকাও ক্যাশে ছিল। তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এতে আমরা বড় ক্ষতির মুখে পড়েছি।
বাজারে তিনজন নৈশপ্রহরী দায়িত্বে থাকলেও চুরির ঘটনায় তাদের সন্দেহ করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

