× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:০৯ এএম

মিয়ানমারের কোস্টগার্ডের হাতে আটক ১৬ জেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:০৯ এএম

মিয়ানমারে আটক জেলের স্বজনরা। ছবি : রূপালী বাংলাদেশ

মিয়ানমারে আটক জেলের স্বজনরা। ছবি : রূপালী বাংলাদেশ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে লক্ষ্মীপুর ও নোয়াখালীর ১৩ জনসহ ১৬ জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের কোস্টগার্ড। এরমধ্যে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলারই ১০ জেলে রয়েছেন। তাদের ফিরিয়ে আনতে কক্সবাজার জেলা প্রশাসক ও কক্সবাজার জেলা পুলিশ সুপারের কাছে পৃথক আবেদন করেছেন ট্রলার মালিক মিজানুর রহমান। 

বুধবার (১ এপ্রিল) সকালে জেলেদের স্বজন ও ট্রলার মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৩ মার্চ বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে ট্রলারসহ জলে ও মাঝিমাল্লাসহ ১৬ জনকে মিয়ানমারের কোস্টগার্ড আটক করে নিয়ে যায়।

আটক জেলেরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. জুয়েল, মো. নিরব, রাকিব হোসেন, মো. মেজবাহ উদ্দিন, সাদ্দাম হোসেন, মো. লিটন, ফরহাদ হোসেন, মো. তাহমীদ, মো. তামজিদ; কমলনগর উপজেলার মো. অজি উল্লাহ; নোয়াখালীর মো. শাহজাহান, জাবের হোসেন ও মো. সোহাগ এবং চট্টগ্রামের পাহারতলি এলাকার কামাল হোসেন; ভোলার কবির হোসাইন ও কক্সবাজারের তারেক রহমান। 

ট্রলার মালিক মিজানুর রহমান কক্সবাজার মহেশখালী উপজেলার কালালিয়াকাটা গ্রামের মোহাম্মদ চৌধুরীর ছেলে। ১৬ মাঝিমাল্লাসহ তার এফবি মা বাবার দোয়া ট্রলারটি আটক করে নিয়ে যায় মায়ানমারের কোস্টগার্ড।

ট্রলার মালিক মিজানুর রহমান বলেন, ২৩ মার্চ মাছ ধরার উদ্দেশ্যে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন থেকে আমার ট্রলার নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। ট্রলারে মাঝিমাল্লাসহ ১৬ জন ছিল। এর এক দিন পর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এ ঘটনায় আমি ২৮ মার্চ কক্সবাজার জেলার মহেশখালী থানায় একটি জিডি করি। 

তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে অন্য জেলেদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি বাংলাদেশ জলসীমায় ঢুকে মিয়ানমারের কোস্টগার্ড আমার ট্রলাসহ জেলেদের আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা মিয়ানমারের আকিয়াব (১ম থানা) থানায় আটক রয়েছেন। আটক জেলেদের পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিত জানিয়েছি। তাদের সবাইকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

রামগতির টুমচর গ্রামের জেলে লিটনের স্ত্রী রোজিনা আক্তার বলেন, শুক্রবার স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়েছে। তার স্বামী জানিয়েছেন ট্রলারসহ মিয়ামারের কোস্টগার্ড তাদের আটক করে নিয়ে গেছে। 

রামগতির চর পোড়াগাছা গ্রামের জেলে মেজবাহ উদ্দিনের স্ত্রী তাছলিমা বলেন, মেজবাহসহ আমাদের পরিবারের আমার স্বামী, ভাসুর, নন্দাই ও ভাগিনার সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। জানতে পেরেছি, ট্রলারের সবাইকে মিয়ানমারের কোনো এক বাহিনী আটক করে নিয়ে গেছে। তাদের চিন্তায় আমাদের ঘুম আসে না। আল্লাহ তাদের হেফাজত করুক। আমরা দ্রুত তাদের ফিরে পেতে সরকারের কাছে জোর দাবি জানাই। 

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরেও যোগাযোগ করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের দাপ্তরিক মোবাইল নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি।

রূপালী বাংলাদেশ

Link copied!