লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পিলারের কাছ দিয়ে ৪ থেকে ৫টি বড় চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্ত এলাকার ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের কাছ দিয়ে এসব চিতাবাঘ প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার। তিনি জানান, সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচলের জন্য আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতের দিকে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে চিতাবাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে। অনেকেই চিতাবাঘের পায়ের ছাপ দেখেছেন এবং কেউ কেউ তা মোবাইল ফোনে ধারণ করেছেন।
সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন বলেন, রাত ১১টার দিকে জানতে পারি সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে। বাঘ আতঙ্কে রয়েছেন গ্রামবাসী।
তিনি আরও জানান, আগেও জগতবেড় ইউনিয়নে দুটি চিতাবাঘ প্রবেশের ঘটনা ঘটেছিল। সে সময় একটি চিতাবাঘকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করে এবং চিতাবাঘের আক্রমণে পাটগ্রামের আবু বক্করসহ চারজন আহত হন। তাই এবার বাড়তি সতর্কতা প্রয়োজন।


