লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল দায়িত্ব পালন করছিল।
এ সময় বিএসএফের ওই সদস্য সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন এবং দ্রুত হেফাজতে নেন।
আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে। সীমান্ত আইন অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বর্তমানে আটক বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে রয়েছেন। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আঙ্গরপোতা বিওপি এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন