আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে মোট ৪ লাখ ৩২ হাজার ৯৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জাতীয় সংসদের ১৭ নম্বর এই নির্বাচনি এলাকাটি আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসনটি মূলত কৃষিপ্রধান, বিশেষ করে তামাক চাষের জন্য পরিচিত। তিস্তা নদীবিধৌত এই অঞ্চলের অর্থনীতি, কৃষি ও জীবনযাত্রায় নদীর প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ২০০ জন, নারী ২ লাখ ১৫ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। ভোটগ্রহণের জন্য মোট ১৫৫টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এই আসনটিতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের মো. রোকন উদ্দীন বাবুল; বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মো. ফিরোজ হায়দার লাভলু, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মো. এলাহান উদ্দিন, জনতার দলের কলম প্রতীকের মো. শামীম কামাল,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মো. মাহফুজুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে প্রতীকের নিমাই চন্দ্র রায় এবং স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. মমতাজ আলী শান্ত।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।


