ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে কালীগঞ্জে ৫ গ্রামে ঈদ উদযাপন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১১:৫৫ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৫টি গ্রামের তিন শতাধিক পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মো. রাশেদুল ইসলাম।

ঈদগাহে উপস্থিত মুসল্লিরা জানান, ২০১১ সাল থেকে তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট আহলে হাদিস জামে মসজিদ ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ পালন করেন এসব গ্রামের মুসল্লিরা।

মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মো. হযরত আলী বলেন, ‘সারা বিশ্বে একই দিনে ঈদ হবে—এই বিশ্বাস থেকেই ২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। ঈদগাহে ৫ শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। পুরুষদের সঙ্গে নারীরাও অন্য জামাতে অংশ নেন।’

ঈদগাহ মাঠের ইমাম রাশেদুল ইসলাম বলেন, ‘একদিন আগে ঈদ উদযাপনের কোনো সমস্যা আজ পর্যন্ত হয়নি। আমরা কোরআনের নির্দেশনা অনুযায়ী ঈদ পালন করি। নবী-রাসুলের পথ অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করি। আমাদের মতো দেশের সকল মানুষেরও উচিত ঈদ পালন করা, এতে ঈদের আনন্দ আরও বেড়ে যাবে।’

মুন্সিপাড়ার মুসল্লি রিপন আলী জানান, বিগত কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে এসব এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছে কিছু মানুষ। নামাজের সময় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।’