লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে একটি মর্টার শেল-সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ভিড় জমায় স্থানীয়রা।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি পাথরের ট্রাক থেকে এক শ্রমিক বস্তুটি দেখতে পেয়ে মূল্যবান কিছু মনে করে সেটি নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেটি বুড়িমারী মাছের বাজার সংলগ্ন উঁচু ব্রিজের ধারে রাখা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয় এবং বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছান। বর্তমানে বস্তুটিকে ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, ছোট আকারের বোমার মতো দেখতে এই মর্টার শেলটি পরিত্যক্ত হতে পারে। তবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং বিজিবিও উপস্থিত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন