কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
শনিবার (২ মে) সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীপাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শনিবার ভোর থেকে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পাচ্ছে।
লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হওয়ায় নদীতে সামান্য পানি বাড়লেই জেলার বিভিন্ন উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে।
তিস্তা ব্যারেজ ডালিয়া কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানান, শনিবার ভোর থেকে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


