এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ৪৯ বার স্যার বললেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক (ডিডিএলজি) মো. রাজীব আহসান।
সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রিকশা স্ট্যান্ডে আয়োজিত আধুনিক স্ট্রিট লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই আধুনিক স্ট্রিট লাইটের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী।
লালমনিরহাট শহরকে স্মার্ট শহরে রূপান্তর ও আধুনিক নগরী গড়ার লক্ষ্যে ওই আধুনিক স্ট্রিট লাইটের ব্যবস্থা করে পৌরসভা। রাজশাহীর আদলে পর্যায়ক্রমে লালমনিরহাট জেলা শহরকে নান্দনিক শহরে রূপান্তরিত করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। স্ট্রিট লাইটের আলোকসজ্জা শহরবাসীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রাতের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের স্বাগত বক্তব্যে লালমনিরহাট পৌরসভার প্রশাসক (ডিডিএলজি) মো. রাজীব আহসান ৪৯ বার স্যার বলে সম্মোধন করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ত্রাণমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে রেল স্টেশন থেকে সার্কিট হাউজ পর্যন্ত বিশেষ লাইট বসানোর কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি পর্যায়ক্রমে পুরো শহরে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

