ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

লালমনিরহাট সীমান্তে ৫০-৬০ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৯:৩৩ এএম
৫০-৬০ জনকে পুশইনের চেষ্টা। ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৫০ থেকে ৬০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯২৫-এর প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে শ্রীলঙ্কা পাড়া এলাকায় বিএসএফের ৭৮ পদ্মা ক্যাম্পের সদস্যরা ৫০ থেকে ৬০ জন ব্যক্তিকে জড়ো করে। তাদের বাংলাদেশে পুশইনের উদ্দেশে সেখানে রাখা হয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও দেশীয় লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। বর্তমানে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহল দল এবং স্থানীয় লোকজন অবস্থান করছে।

সূত্র আরও জানায়, ভারতের অভ্যন্তরে অবস্থানরত এসব ব্যক্তিকে গভীর রাতে ১০ থেকে ১৫ জনের দলে ভাগ করে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হতে পারে। এদিকে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের বিপরীতে প্রায় ২৯ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় ভুট্টার আবাদ থাকায় অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি তুলনামূলক বেশি।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে এবং যেকোনো ধরনের পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।