ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদি হত্যায় জড়িতদের বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:৫৩ পিএম
ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিবাদী বিক্ষোভ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে তারা জড়ো হন। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। 

এতে রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল বিভাগসহ মাদারীপুর জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দেন বক্তারা এবং দ্রুত বিচার দাবি জানান।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়। পরে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। 

টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিবাদী বিক্ষোভ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

এ ছাড়া তারা রাষ্ট্রপতি উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানান বক্তারা।

পরে বিকেল সোয়া তিনটার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সড়কের দুই পাশে আটকা পড়ে ছোট-বড় দুই শতাধিক যানবাহন, যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাতীয় নাগরিক পার্টি মাদারীপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মো. হাসিবুল্লাহ, যুগ্ম সমন্বয়কারী রুবেল মৃধা, কার্যকরি সদস্য হাফেজ আব্দুর রহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সানিসহ আরও অনেকে।