ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহীদুল ইসলামের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১২:৫৬ এএম
নিহত কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম। ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় মোহাম্মদ শহীদুল ইসলাম (৩৫) নামের এক কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের একটি আন্ডারপাস থেকে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

নিহত মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের (সিমিট) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা সূর্যনগর বাজার এলাকায় এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঢাকা গুলশান শাখায় একটি পে-অর্ডার জমা দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন শহীদুল ইসলাম। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই তার শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ ঢাকা মহানগর পুলিশের গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ বলেন, ‘তিন দিন ধরে জামাই নিখোঁজ ছিলেন, তার মোবাইল ফোনও বন্ধ ছিল। এ কারণে জিডি করি। আজ হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা দিশাহারা হয়ে পড়েছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাস থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’