মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় টানা প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আক্তার হাওলাদার ও হাসান মুন্সি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদার পক্ষের খালেক বেপারীর ছেলে রানা বেপারীর ওপর হামলা চালায় প্রতিপক্ষের শাকিব, টুটুলসহ ১০ থেকে ১৫ জন কিশোর। হামলায় রানা বেপারীর ডান হাত ভেঙে যায়।
এ ঘটনার জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতরা হলেন— নতুন মাদারীপুর এলাকার চান মিয়া মুন্সির ছেলে রনি মুন্সি, চুন্নু হাওলাদারের ছেলে রনি হাওলাদার এবং একই এলাকার রাশেদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন