মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর এবং পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সোমবার (৩০ মার্চ) ভোরেও সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব এবং পাকদী এলাকার মানিক খলিফার ছেলে নাঈম খলিফার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করেন।
তবে ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় আকিব ও নাঈম গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে আবারও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোমবার ভোররাতে ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় পাকদী এলাকায় অতর্কিত হামলায় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে অন্তত পাঁচজন আহত হন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


