ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর আলমদস্তার কুডিব্রিজ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।
তবে নিহতের ১২ ঘণ্টা পার হলেও তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মাহিন্দ্রা গাড়িতে গন্তব্যে ফিরছিলেন ওই মাদ্রাসাপড়ুয়া ছাত্র।
পথিমধ্যে রাজৈর আলমদস্তার এলাকায় এলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত মাদ্রাসা ছাত্রের বয়স আনুমানিক ১২-১৪ বছর। তার পরনে ছিল মাদ্রাসার পোশাক।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাইওয়ে পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
যদিও ১২ ঘণ্টা পার হলেও নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের মাথায় গুরুতর আঘাত থাকায় চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
রাজৈরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে পোস্টমর্টেম না করার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।


