সকাল থেকেই আকাশ ভেঙে নামছিল আষাঢ়ের বৃষ্টি। কিন্তু বৈরী আবহাওয়া আর অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দু’পাশে ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের দীর্ঘ সারি। ফুল হাতে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শিবচরের সর্বস্তরের নানা শ্রেণি-পেশার মানুষ।
উপলক্ষ—বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর। তাকে অভ্যর্থনা জানাতেই মাদারীপুরের বিভিন্ন পয়েন্টে জড়ো হন হাজারো নেতাকর্মী।
একদিকে আষাঢ়ের বৃষ্টির ফোঁটা, কখনো টিপটিপ, আবার কখনো অঝোর ধারায় নামছিল বৃষ্টি। তারপরও প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশ ছাড়েননি অপেক্ষমাণ জনতা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে যখন তারেক রহমানের গাড়িবহর মাদারীপুর সীমানায় প্রবেশ করে, তখন নেতাকর্মীদের মাঝে বাধভাঙা উল্লাস দেখা দেয়।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালের উদ্দেশে রওনা দিলে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি সীমানা এলাকা থেকে পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর ও দত্তপাড়ার সূর্যনগর এলাকা অতিক্রমকালে তার বহনকারী লাল-সবুজের গাড়িতে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ। বৃষ্টিকে উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং গাড়িবহরে ফুল ছিটিয়ে তারা এ শুভেচ্ছা জানান। জনগণের এই বিপুল ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত আয়োজন দেখে মুগ্ধ হয়ে তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার পথে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট, সদর উপজেলার মস্তফাপুর এবং কালকিনি উপজেলার ভুরঘাটাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার-ফেস্টুন হাতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে সড়কের দুপাশে অবস্থান নিতে দেখা যায়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই বরিশাল সফরকে ঘিরে পুরো মাদারীপুর জেলাই যেন উৎসবমুখর হয়ে ওঠে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন