মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগম (৬০) ওই এলাকার বাসিন্দা। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর পারিবারিক কলহের জেরে তার স্বামী সুলতান সরদার (৬৫) ধারালো দা দিয়ে তার গলায় আঘাত করেন। ঘটনাস্থলেই জোবেদা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) রিপন আলী খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার এসআই (নি.) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
কালকিনি থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন