মানিকগঞ্জের শিবালয়ে ভোট দিতে এসে বাবু (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
কেন্দ্রে উপস্থিত লোকজন জানান, বাবু ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসেন। ভোটার স্লিপ নেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, ‘বিষয়টি শুনেছি। তিনি মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। কেন্দ্রে প্রবেশের আগেই অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন এবং পথেই তার মৃত্যু হয়।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন