ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্বশুর ডিলার, মেয়ের জামাইয়ের বাড়ি থেকে মিলল ৮০ লিটার ডিজেল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১২:৫৯ পিএম
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।  ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে বাড়িতে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক ব্যক্তিকে জরিমানা করেছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি বাড়িতে ২০টিরও বেশি তেলের ড্রাম পাওয়া গেলেও সেখানে ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। ‎এ ঘটনায় রাজার কলতা এলাকার নয়ন (২৮) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নয়ন জানান, তার শ্বশুর রফিকুল ইসলাম বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা বাজারের একজন তেলের ডিলার। শ্বশুরের দেওয়া তেল তিনি নিজের বাড়িতে রেখে বিক্রি করছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।