ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুন্সীগঞ্জের আলোচিত ১৩১ বছর বয়সি বৃদ্ধার মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:৪৩ পিএম
সুফিয়া খাতুন। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের আলোচিত ও ধর্মপরায়ণ ১৩১ বছর বয়সি বৃদ্ধা সুফিয়া খাতুন ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার পানহাটা এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘ ১৩০ বছর বয়স অতিক্রম করেও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রমজানের সবকটি রোজা পালন করায় তিনি দেশজুড়ে আলোচনায় আসেন। তার ধর্মনিষ্ঠ জীবনযাপন এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস।

এই ব্যতিক্রমী জীবনযাপনের কারণে বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেল তার জীবনকথা নিয়ে সংবাদ ও বিশেষ প্রতিবেদন প্রচার করে। পাশাপাশি তার ধর্মীয় অনুশীলন ও দীর্ঘায়ুর স্বীকৃতি হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।

তার ইন্তেকালে পানহাটা এলাকাসহ পুরো মুন্সীগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে আসে। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোক এবং বেদনার অনুভূতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় পানহাটা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমা সুফিয়া খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ধর্মপ্রাণ মুসল্লিরা।