মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে তিন বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বালতিগুলোতে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢালিকান্দি এলাকার সিকদার বাড়িতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্র জানায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে কয়েক দিন ধরে এলাকায় টহল জোরদার করা হয়েছে। পরিত্যক্ত দোকানের ভেতরে লাল রঙের তিনটি প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়। একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারিও পাওয়া যায়।
১৯ বীর মাওয়া সেনানিবাস–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় পূর্ব বিরোধের জেরে পক্ষ-বিপক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। কিছু অসাধু ব্যক্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল। শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জেলার পরিবেশ শান্ত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন