মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নাম মাসুদ (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা।
অন্যদিকে আহতরা হলেন- মো. কাওছার আহাম্মেদ (৩৩), আরাফাত (১৮), মেহেদি (২০), সুমাইয়া (৩০) এবং মারুফা (১২)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ‘স্বপ্নতরী’ নামের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলছিল।
দোগাছি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


