ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রার মধ্যেই মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং প্রায় ২০ জন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের কামারখোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মাওয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কামারখোলা ব্রিজের ঢালে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘রাইদা পরিবহনের আরেকটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় গোল্ডেন লাইন বাসটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের দরজা ও ভেতরের কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে যান। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার ফাইটাররা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে বাসের জানালা ও বডি কেটে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।
উদ্ধারকৃত আহত ও আতঙ্কগ্রস্ত যাত্রীদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাদের প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে নাহিদ হক মেহেদী (১৮) নামে এক তরুণের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি ফরিদপুর জেলায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয় এবং আটকে পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিয়ে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন