মুন্সীগঞ্জে টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে আরিফ বেপারী (৩০) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৪ জুন) সকালে শহরের পৌরসভার পূর্ব শিলমন্দি জসিমনগর এলাকায় নিজের বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আরিফ বেপারী পূর্ব শিলমান্দি জসীমনগর এলাকার বাসিন্দা এবং মতিন বেপারীর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। তার ভাই আকাশ বেপারীও একই পেশায় কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের অভিযোগ, টাকা লেনদেন নিয়ে আরিফের ছোট ভাই আকাশের সঙ্গে স্থানীয় নুর মোহাম্মদ নামের আরেক কসাইয়ের বিরোধ চলছিল। এ ঘটনার জেরে গতকাল শনিবার সকালে মুন্সীরহাট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্বজনদের দাবি, আকাশকে না পেয়ে প্রতিপক্ষ ও তার লোকজন পরিকল্পিতভাবে আরিফকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, ভোরে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি, জসীমনগর গ্রামের বাসিন্দা আরিফ নামের এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন ফরেনসিক আলামত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় আড়াইশ গজ দূরে তার বসতবাড়ি, যেখানে তিনি একাই বসবাস করতেন। এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত, তা উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন