ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও আগুন দিয়ে দিপু চন্দ্র দাসকে (২৮) হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ম নিয়ে কটূক্তি করায় ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার আলমগীর তাকে ইস্তফা দিতে বাধ্য করেন। পরে বিষয়টি বাইরে ছড়িয়ে পড়লে দিপুকে জনতার হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ এর অধিনায়ক।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মলনে এসব কথা বলেন র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাব এবং পুলিশ ভালুকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হত্যার ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভালুকা মডেল থানায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন তারেক হোসেন (১৯), লিমন সরকার, মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মিরাজ হোসেন আকন (৪৬)। এই সাতজনকে গ্রেপ্তার করে র্যাব। এদের মধ্যে আলমগীর হোসেন পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড এর ফ্লোর ম্যানেজার এবং মিরাজ হোসেন আকন কোয়ালিটি ইনচার্জ।
আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) এবং মো. নাজমুল নামে অপর তিনজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর অধিনায়ক বলেন, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিকদের সাথে দিপুর কর্মক্ষেত্রের ভেতর বাগবিতণ্ডা হয়। পরে ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার আলমগীর তাকে ইস্তফা দিতে বাধ্য করে। পরে বিষয়টি বাইরে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত না করে দিপুকে জনতার হাতে তুলে দেওয়া হয়। পরে হত্যার পর গাছের ডালে বেঁধে মরদেহে আগুন দেওয়া হয়।
হত্যাকারীরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কেউ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের কথাও জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তার লাশে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অর্ধপোড়া লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন