ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাবার মৃত্যুর খবরে বাড়িতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে বাবার মৃত্যুর খবরে বাড়িতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক আহমেদ (৩০) গ্রেপ্তার হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. ফারুক আহমেদের বাড়ি উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তিনি গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ফারুক রাজধানী ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

গত বৃহস্পতিবার রাতে ফারুকের বাবা আলাল উদ্দিন (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পরদিন শুক্রবার বাড়িতে এসে বাবার জানাজায় অংশ নেন এবং দাফন সম্পন্ন করেন। এরই মধ্যে শনিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফারুকের স্ত্রী লিমা বেগম বলেন, ‘আমার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন আমার স্বামী। রবিবার বাড়িতে চার দিনের মিলাদ শেষে আমার স্বামীর কর্মস্থলে ফেরার কথা ছিল। শনিবার রাতে তিনি পাশের বাড়িতে ঘুমিয়েছিলেন। সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। স্বামীর আয়ের ওপরই সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ চলত। এখন তার গ্রেপ্তারে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়েছি।’

গৌরীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, ‘রাজনৈতিক মামলায় ফারুক আহমেদকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’