দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বিভিন্ন এলাকা মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে। এখন অপেক্ষা শুধু তারেক রহমানের জন্য। তাকে এক নজর দেখার জন্য নেতাকর্মীরা সার্কিট হাউস মাঠে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর টাউন হল, নতুন বাজার, চরপাড়া, পাটগোদাম ব্রিজসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সার্কিট হাউস মাঠের দিকে রওনা হন। মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নানা স্লোগান দিতে দেখা যায়।
মঞ্চে কথা হয় বিএনপি নেতা শফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য আমরা এসেছি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে দেশ এগিয়ে যাবে। অবহেলিত ময়মনসিংহের উন্নয়নের প্রতিশ্রুতি তিনি আমাদের জানানোর কথা বলেছেন।’
নেত্রকোনার দুর্গাপুরের মঞ্জরুল হক বলেন, আওয়ামী লীগের হাতে দুই হাত হারানোর বিচার এখনো পাইনি। তারেক রহমান নিশ্চিত করবেন সেই বিচার। এ জন্যই এসেছি।
বিএনপি কর্মী শারমিন চৌধুরী বলেন, নারীর অধিকার নিশ্চিতে তারেক রহমানের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা শুনতে চাই। তা বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর থাকবেন। তাই নারীরা দলে দলে সভায় অংশগ্রহণ করবেন।
নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে দুপুর আড়াইটায় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। মঞ্চের দৈর্ঘ্য ৬৪ ফুট, প্রস্থ ৪৪ ফুট। ভাষণ সম্প্রচার করা হবে ৭০টি মাইকে।
এ ছাড়া মঞ্চ থেকে ২টি এবং মঞ্চের দুই পাশে আরও ২টি এলইডি স্ক্রিনে দেখানো হবে ভাষণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানান, তারেক রহমান অবহেলিত অঞ্চলের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেবেন।


