ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘আপনাদের সাথে কোদাল হাতে খাল-বিল খনন করব’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই ময়মনসিংহ অন্যতম কৃষিপ্রধান এলাকা। এখানে একসময় অনেক খাল-বিল ছিল। এই খাল-বিলগুলো সব ভরাট হয়ে গেছে। এগুলো আমরা পুনর্খনন করতে চাই। খাল-বিল পুনর্খননের জন্য কে কে কোদাল হাতে নেবেন? যেদিন আপনারা কোদাল হাতে নেবেন, আমি কিন্তু থাকব আপনাদের সাথে।’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেরপুর, নেত্রকোনা, জামালপুর অঞ্চলগুলোতে ব্যাপক সমস্য রয়েছে। নদী ভাঙন সমস্যা, কর্মসংস্থান সমস্যা, জেলাগুলোর বিভিন্ন উপজেলায় সেতু, স্কুল, কলেজ, রাস্তাঘাট এগুলোর ব্যাপক সমস্যা রয়ে গেছে—যেগুলো গত একযোগে সংস্কার, মেরামত, তৈরির প্রযোজন ছিল, যা বিগত সময়ে হয়নি। জনগণের ভোটের অধিকার ছিল না। নিশিরাতের নির্বাচন হয়েছিল—যেখানে সত্যিকারের জনপ্রতিনিধি ছিল না। তাই দেশে কর্মসংসংস্থান সৃষ্টি হয়নি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে শিক্ষক নিয়োগ হয়নি। উপজেলা হাসপাতাল বলুন বা জেলা হাসপাতালই বলুন; সেখানে ওষুধ, চিকিৎসা ও চিকিৎসক দেওয়া হয়নি, যে কারণে গ্রামগঞ্জের মানুষ সঠিক চিকিৎসা পায়নি।

ভোটের অধিকারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভোটের অধিকার চাই। কী সেই অধিকার? কেন এই ভোটের অধিকার দরকার? এই দেশের মালিক যে জনগণ, তাদের সেই অধিকার ফিরিয়ে দেওয়া, যাতে জনতার ইচ্ছামতো সামনে চলতে পারে। সেই ইচ্ছার প্রতিফলন ঘটনোর জন্যই ভোটের অধিকার। মানুষের কথা বলার অধিকার, মানুষের ন্যায্য অধিকার, যাতে প্রতিষ্ঠিত হতে পারে, এ জন্যই ভোটের অধিকার দরকার।’